সুরকার আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২৫ লাখ টাকা অনুদান
বিনোদন ডেস্ক: কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ একাধিক রোগে ভুগছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুণী এ সঙ্গীত ব্যক্তিত্ব। এবার আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে গণভবনে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির হাতে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আলাউদ্দিন আলীর চিকিৎসার অনুদান পেয়ে তাঁর স্ত্রী ফারজানা মিমি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আলাউদ্দিন আলীর চিকিৎসায় ২৫ লাখ টাকা সঞ্চয়পত্র হিসেবে দিয়েছেন।
এখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংকের টাকা তার চিকিৎসায় ব্যয় হবে। এছাড়া আলাউদ্দিন আলীর চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করেছেন। তার কাছে কৃতজ্ঞ আমরা।’২০১৫ সালে জুন মাসে আলাউদ্দিন আলীর ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন। ক্যান্সারের সাথে লড়াই করে সফলও হয়েছেন এ কিংবদন্তি সুরকার।ক্যান্সার থেকে ফিরলেও চলতি বছরের আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ২২ জানুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এখনো সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেনআলাউদ্দিন আলী ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘আছেন আমার মোক্তার, আছেন ব্যারিস্টার’, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না’ ইত্যাদি জনপ্রিয় গান সুর করেছেন।




