দুর্বৃত্তের হামলায় দেড় মাস ধরে হাসপাতালে এইচএসসি পরীক্ষার্থী রানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী তানভির রানা ফয়েজ প্রায় দেড়মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আগামী পরীক্ষায় অংশগ্রহণতো দুরের কথা, তার জীবনহানীর শঙ্কায় রয়েছেন স্বজনরা।শনিবার আহত শিক্ষার্থীর শয্যাপাশে যান এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।এদিকে রোববার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমার বড়লেখা থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে মামলার এফআইআর ও ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির সায়পুর গ্রামের আবদুল মজিদের ছেলে তানভির রানা ফয়েজ বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী। ২৪ ডিসেম্বর ফরম পূরণ করতে কলেজে যাওয়ার জন্য শাহবাজপুর বাজারে গাড়ির অপেক্ষা করছিল তানভির।এ সময় পাতন গ্রামের আপ্তাব আলীর ছেলে পুর্বপরিচিত জুয়েল আহমদ বিয়ানীবাজার যাচ্ছে জানিয়ে তার পালসার মোটরসাইকেলে রানাকে তুলে রওয়ানা দেয়। জুয়েল সোজা রাস্তায় বিয়ানীবাজার না গিয়ে গ্রামের রাস্তায় ঢুকে মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাত ৪-৫ দুর্বৃত্তসহ জুয়েল কিল-ঘুষি ও লাথি মেরে সঙ্গে থাকা প্রায় ৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা বাড়িতে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপন আদায় করে দিতে চাপ প্রয়োগ করে। রাজি না হওয়ায় লোহার রড় দিয়ে তাকে পিটিয়ে মেরুদণ্ডসহ হাড়গোড় ভেঙ্গে মৃত ভেবে রাস্তায় ফেলে যায়।
আহত তানভির রানা ফয়েজের ভাই কবির আহমদ জানান, চিকিৎসকরা বলেছেন, তানভিরের মেরদণ্ড পুরোপুরি ভেঙ্গে মারাত্মক জখম হয়েছে। ইতিমধ্যে দুইটি মেজর অপারেশন করা হয়েছে। সুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র ১০ ভাগ। এ ব্যাপারে রোববার তিনি জুয়েল আহমদকে প্রধান আসামি করে বড়লেখা আদালতে মামলা করেছেন।বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, রোববার আদালত ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর ও ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।




