257082

গরু শিমগাছ খাওয়ায় মালিকের হাত কর্তন!

নিউজ ডেস্ক।। গরু শিমগাছ খাওয়ায় গরুর মালিকের বাম হাত কব্জি থেকে কেটে ফেলেছেন প্রতিবেশী। এ সময় তার ডান হাতের তিনটি আঙুল কেটে দেয়া হয় রামদায়ের কোপে। এদিকে এ ঘটনা দেখে ভাইকে বাঁচাতে ওই কৃষকের ছোট ভাই এগিয়ে গেলে তারও ডান হাতের তিনটি আঙুল কোপ দিয়ে কেটে ফেলা হয়। একই এলাকার পড়শি ছালাম হাওলাদার রামদায়ের নৃশংস কোপে দুই সহোদর এভাবে গুরুতর জখম হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে ঘটনাটি ঘটে। আহত সহোদররা হলেন, একই গ্রামের কৃষক হুমায়ুন (৩৫) ও সাইদুল (১৮)।

অপরদিকে এ ঘটনা আড়াল করতে ছালাম হাওলাদারের স্ত্রী নাসিমা ওরফে সালমা বেগম শরীরে কাদা লেপটে থানায় মামলা করতে আসার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পলাতক রয়েছে ছালাম। আহতের সজন শাহআলম মোল্লা জানান, হুমায়ুনের গরুতে পড়শি ছালামের শিমগাছ খেয়ে নষ্ট করে ফেলে। গরুটি বেঁধে রাখা হয়। ওই গরু আনতে গেলে ছালাম হুমায়ুনের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ছালামকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ad

পাঠকের মতামত