প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ের পথে সৈয়দ আশরাফের বোন
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের পুন:নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে বাছাইয়ে দু’জনেরই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য জানানমনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন- গণতন্ত্রী পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জাতীয় মৎস্যজীবী পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাইন বিল্লাহ।
এদিকে, একক প্রার্থী হিসেবে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।বাতিল ঘোষিত দুই প্রার্থীর মধ্যে জাপার প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহের মনোনয়নপত্রে নিজেকে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘স্নাতক’ উল্লেখ করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার গড়মিলের কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
অন্যদিকে, গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন হলফনামায় ‘স্বাক্ষর’ করেননি। এ কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, আগামী তিন দিনের মধ্যে মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। অন্যদিকে উভয় প্রার্থীই নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন।প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার অনুপস্থিতিতেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। গত ৩ জানুয়ারি শপথ নেওয়ার আগেই ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ অবস্থায় আগামী ২৮ ফেব্রুয়ারি পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।




