256657

রাতে এসএসসি পরীক্ষা দেবে ৫১ শিক্ষার্থী

গোপালগঞ্জের মুকসুদপুরে রাতে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫১ জন পরীক্ষার্থী। এরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগমুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।জানাগেছে, ধর্মীয় বিধানমতে শনিবার দিনের বেলায় লেখা তাদের জন্য নিষিদ্ধ। যে কারণে ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পযর্ন্ত নেয়া হবে।

তবে অন্যান্য পরীক্ষার্থীর সাথে ওই ৫১ জন পরীক্ষার্থীকেও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। কেন্দ্রের একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হয়েছে। রাত ৯টায় পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেয়া হবে।২০১৯ সালের এসএসসি পরীক্ষার মধ্যে চারটি শনিবার এসব পরীক্ষার্থী রাতে পরীক্ষা দেবে।ওই পরীক্ষার্থীরা জানায়, ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় তাদের কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে চার শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ওই ৫১ জন পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে তারা বের হতে পারবে।

ad

পাঠকের মতামত