256689

পরীক্ষার কেন্দ্রে বসে রাত হওয়ার অপেক্ষা!

নিউজ ডেস্ক।। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় বাংলা ১ম পত্র পরীক্ষা। বেলা ১টার সময় উত্তরপত্র জমা দিয়ে অন্য পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হয়ে গেলেও রিকি হালদার বসে আছে তার সিটেই। কারণ তার লেখা শুরু হবে সন্ধ্যা ৬টায়। কুষ্টিয়ার কুমারখালী এমএন হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে আসন বসেছে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মতাবলম্বী খ্রিষ্টান এই পরীক্ষার্থীর। অন্যান্য পরীক্ষার্থীদের মতো সকাল ৯টার দিকেই পরীক্ষা কেন্দ্রে আসে সে। কিন্তু যথারীতি সকাল ১০টায় অন্য পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়া শুরু করলেও রিকি অপেক্ষায় রয়েছে সন্ধ্যা ৬টা বাজার।

ধর্মীয় বিধানে শনিবার কোনও প্রকার লেখালেখি করা যাবে না এমন নিষেধাজ্ঞা থাকায় শনিবার সকালের পরীক্ষার পরিবর্তে সূর্যাস্তের পর পরীক্ষা দেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ডে আবেদন করে রিকি হালদার। যশোর শিক্ষা বোর্ড সেটার অনুমতি দিয়ে ০২, ০৯, ১৬ ও ২৩ ফেব্রুয়ারি শনিবারের বাংলা ১ম পত্র, গণিত, রসায়ন ও উচ্চতর গণিত পরীক্ষা দিনের পরিবর্তে সূর্যাস্তের পর দেবে সে।

রিকি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের এসএসসি বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী। তার রোল নম্বর : ১১১৩৫২, রেজি নম্বর : ১৫১৩৬০৪৫২২। রিকি হালদার জানান, আমাদের ধর্মীয় বিধান মেনে শনিবারের পরীক্ষাটা সকাল ১০টার পরিবর্তে সূর্যাস্তের পর সন্ধ্যা ৬টা থেকে দেবো। ‘সেভেন্থ ডে এডভান্টিস্ট’ মতের অনুসারী। শনিবার আমরা ধর্মীয় উপাসনা করি। শনিবার পড়াশোনা, লেখালেখি, খেলাধুলা, কেনাকাটাসহ সকল প্রকার কাজ থেকে বিরত থাকি। আমাদের সম্প্রদায়ের সকলেই এই রীতি মেনেই পরীক্ষা দেয়। তিনি আরও বলেন, আমাকে এই সুযোগটা দেয়ার জন্য আমি যশোর শিক্ষা বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।

কুমারখালী এমএন হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফিরোজ মোহাম্মদ বাশার জানান, যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিকি সকালে পরীক্ষা কেন্দ্রে এসেছে। সকলে পরীক্ষা দিয়ে চলে গেছে তবে রিকিকে আমরা কেন্দ্রের আলাদা রুমে রেখেছি। সে সারাদিন রুম থেকে বের হতে পারবে না। খাওয়া-দাওয়াসহ সব কিছু সে ওই রুমে বসেই করবে। সন্ধ্যা ৬টায় তার পরীক্ষা শুরু হবে। রাতে পরীক্ষা শেষ হলে তাকে সেখান থেকে বাইরে বের হতে দেয়া হবে।

ad

পাঠকের মতামত