256685

৫০ হাজার আসনের স্টেডিয়াম তিন বছরের মধ্যেই

স্পোর্টস ডেস্ক।। পূর্বাচলে ৩৭.৪৯ একর জমির ওপর নয়নাভিরাম স্টেডিয়াম তৈরীতে তিন বছরের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামের ডিজাইনার এবং পরমর্শক নিয়োগে অতিসত্বর আন্তর্জাতিক দরপত্র আহবান করা হবে। অনেকের ভেতর থেকে নির্বাচিত ডিজাইনার এবং পরার্শক স্টেডিয়ামের জন্য প্রস্তুতকৃত কনসেপ্ট ডিজাইনের ভিত্তিতে কাজ শুরু করবেন। এজন্য একটি কমিটি করে দেয়া হবে। যে কমিটিতে থাকবেন বিসিবি এবং বিসিবির বাইরের পরামর্শকেরা।

শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সভা শেষে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ‘আমরা আগামী তিন বছরের মধ্যেই এটা সম্পূর্ণ করার জন্য লক্ষ্য নিয়েছি। সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। দেরি করা যাবে না।’

‘আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি। এবং সেইজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। ওনার সহযোগিতা ছাড়া এই জায়গা পাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। শুধু তাই না, আমরা ঠিক করেছি এটার জন্য এখনই এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চাইবো আন্তর্জাতিকভাবে। সকলেই যেন অংশগ্রহন করতে পারে। এটা মূলত ডিজাইন এবং কনসালটেন্সির জন্য। এখানে দুটো ভাগ থাকবে, ডিজাইন ও কনসালটেন্সি। আমাদের যে কনসেপ্ট ডিজাইন আছে ওটার ওপরে ভিত্তি করে আমরা প্রকৌশলী ও পরার্শক নিয়োগ দিব। এবং যাদেরটা পছন্দ হবে তাদেরকে আমরা নির্বাচন করবো। শুধু তাই না এই বাছাই প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করেছি। আমাদের বোর্ডের লোক তো থাকবেই বোর্ডের বাইরে থেকেও কিছু বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করবো।’

স্টেডিয়ামটি সম্পূর্ণ বিসিবির খরচে তৈরীর ইচ্ছে প্রকাশ করে পাপন জানান, ‘এটা পুরোটা করবে বিসিবি। এবং আমাদের ইচ্ছে আমরা নিজ খরচেই করবো।’ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে নুন্যতম ৫০ হাজার। সুবিশাল চত্বরে থাকবে ক্রিকেট একাডেমি, ইনডোর, জিমনেশিয়াম, প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে ক্রিকেটের জন্য যা যা প্রয়োজন সব। থাকবে ৫ তারকা হোটেলও।

‘দর্শক ধারণ ক্ষমতা নূন্যতম ৫০ হাজার হবে। এর চাইতে বেশি করবো বলে ঠিক করেছি। বেশ বড় একটা স্টেডিয়াম। শুধু তাই না স্টেডিয়ামের সাথে আমরা একাডেমি, প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে যা যা আনুসাঙ্গিক; সুইমিং পুল, জিমেনশিয়াম, ইনডোর সবকিছুর ব্যবস্থা করতে চেয়েছি। এখন পরামর্শকের কাছ থেকে ডিজাইন পেলে বুঝতে পারবো যে আসলে কতটুকু সম্ভব। সাথে সাথে একটা ৫ তারকা মানের হোটেলও ওই জায়গাটায় আমরা চাচ্ছি।’ ‘ইতোমধ্যেই জায়গা আমাদের নামে বদল হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে। মাননীয় প্রথানমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ১০ লাখ টাকায় হস্তান্তর হয়েছে।’ যোগ করেন পাপন।

ad

পাঠকের মতামত