‘চামড়া ফর্সা হলেই নায়িকা হওয়া যায় না’
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীর নাম রোজিনা। আশি ও নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা এখন রুপালী পর্দার বাইরে রয়েছেন। টানা চোখের অপরূপ সুন্দরী এই নায়িকার পর্দায় উপস্থিতি মানেই মিষ্টি হাসিতে দর্শকের মন ভুলানো অভিনয়।জনপ্রিয় এই অভিনেত্রীর সাথে মুঠোফোনে আলাপ হয় । আলাপচারিতায় রোজিনা কথা বলেছেন তার চলচ্চিত্র জীবন এবং ব্যক্তিগত জীবনের নানান গল্প।রোজিনা বলেন, ‘আমি অনেক ভালো আছি। পর্দায় যেমন হাসিখুশি ছিলাম এখনো আছি। আমি মনে করি আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। আমি আজকের রোজিনা হয়েছি শুধু মাত্র চলচ্চিত্রের জন্য। চলচ্চিত্র না থাকলে আমি রোজিনা হতাম না। অনেক কিছু পেয়েছি চলচ্চিত্র থেকে। আমি যতদিন বাঁচবো চলচ্চিত্রকে ভালোবাসবো এবং চলচ্চিত্রের পাশে থাকবো।’
বর্তমান বাংলা সিনেমা নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে তো এখন সিনেমাই হচ্ছে না। আর শিল্পী কোথায়? আমি তো হাতে গোনা কয়েকজন ছাড়া শিল্পী দেখছি না। তাহলে সিনেমা হবে কি করে? এখন তো প্রযোজক নেই, পরিচালকের হাতে কাজ নেই। বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়ে গেছে। জানি না এখান থেকে কবে ঘুরে দাঁড়াতে পারবে বাংলা সিনেমা। বর্তমান যে দুই একটা সিনেমা হচ্ছে সেটাও পরিবার নিয়ে দেখা যায় না বলে আমি শুনেছি। আমি তো সিনেমাই দেখি না। দেখবো কি করে দেশে তো কম থাকি আমি। আর আমার কাছে মনে হয় না যে, সেই দিনের সিনেমায় ফিরে যেতে পারবে? দিন দিন তলিয়ে যাচ্ছে চলচ্চিত্র।’
শিল্পীদের নিয়ে রোজিনা বলেন, ‘বর্তমানে শিল্পীর থেকে অ-শিল্পী বেশি। আমি তো চিনি না কাউকে। কয়েকজন আছে যাদেরকে আমি চিনি। আর এখন সিনেমার হিরো-হিরোইন কোথায়? এফডিসিতে বা কোন অনুষ্ঠানে গেলে শোনা যায় এটা অমুক নায়ক, এটা অমুক নায়িকা। আমার তো হাসি পায়। চামড়া ফর্স হলেই নায়িকা হওয়া যায় না। আর হিরোদের কথা কি বলবো, না বলি এসব।’
চলচ্চিত্রে ফেরা নিয়ে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না বর্তমান চলচ্চিত্রে ফেরার। বর্তমান সিনেমার যেই মান, তাতে কাজ করার কোন আগ্রহ নেই। এখন সিনেমায় কাজ করলে দূর্ণাম ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাহলে আমার সুনামটা কেন নষ্ট করবো? তবে যদি মূল চরিত্র এবং গুনী পরিচালক, গল্প ভালো হয় ভেবে দেখবো।’সূত্র: বিডি২৪লাইভ




