ইংলিশদের হোয়াইটওয়াশ করল টাইগার যুবারা
সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ইংলিশদের ৬৩ রানে হারায় বাংলাদেশের যুবারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি ম্যাচ স্বাগতিকরা ৫ উইকেটে জিতেছিল। এর আগে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও দাপটের সঙ্গে জিতে নিয়েছিল টাইগার যুবারা।কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। উপরের সারির তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৯০ বলে ৫৭ রান করে থামেন তিনি। এরপর মিডল-অর্ডারে বড় ইনিংস খেলেছেন শামীম হোসেন ও শাহাদাত হোসেন। শামীম ৭২ রান করে ফিরে যাওয়ার পর দলকে বড় স্কোরে নিয়ে যান শাহাদাত। ৮৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭২ রান করেন শামিম।
শাহাদাত অপরাজিত থাকেন ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রানে। এছাড়া শেষের দিকে রিসাদ হোসেন ২০ বলে ২২ রান করেন। ফলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের জর্জ হিল ৩৭ রানে ৩ উইকেট নেন।জবাবে জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড অনুর্ধ ১৯ দল। শেষের দিকের ব্যাটসম্যানরও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে এক প্রান্ত আগলে রেখে ইংল্যান্ডকে দারুণভাবে খেলায় রাখেন ওপেনার বেন জিওফ্রে চার্লসওর্থ। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের স্বাদ দিতে পারেননি তিনি।
সতীর্থদের ব্যর্থতার মাঝেও ঠিকই সেঞ্চুরির স্বাদ নিয়েছেন চার্লসওর্থ। ১৪৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ১১৫ রানে থামেন তিনি। আর ইংল্যান্ড গিয়ে থামে ২০৩ রানে। বাংলাদেশের আসাদুল্লাহ গালিব ১৭ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শামিম ও সিরিজ সেরা হন ইংল্যান্ডের চার্লসওর্থ।




