চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন
নিউজ েডস্ক।।। নগরীর আকবর শাহ থানাধীন বেলতলী ঘোনার ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মাসুদ (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার আবুর হাট এলাকার আবুল বাশারের ছেলে। তিনি রেলওয়ের একজন পানির ঠিকাদার। এছাড়া মাসুদ ৯নং ওয়ার্ড যুবলীগের একজন সক্রিয় কর্মী। সে পরিবেশ অধিদফতরের বিপরীতে জিল্লু কন্ট্রাক্টরের বাড়িতে ভাড়া থাকতো। ঘটনাস্থলে উপস্থিত যুবলীগ কর্মী ইসমাইল হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে আকবর শাহ এলাকার একটি চায়ের দোকানে নিহত মাসুদসহ আমরা মোট তিনজন আড্ডা দিচ্ছিলাম। এ সময় স্থানীয় এক লোক আমাদেরকে জানায় মাসুদকে দুই তিনজন লোক খুঁজতে এসেছে। এর কিছুক্ষণ পরেই আমরা ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে যাই।
সেখানেই সাড়ে ৭টার দিকে এলাকার মাদক ব্যবসায়ী বিএনপির ক্যাডার বক্কর (৩০), বক্করের ভাই ফারুক (২৮) এবং মোস্তফা আমির (২৫) মাসুদের কালার চেপে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। এসময় আমি এবং আজিজ নামের আরেকজন তাদের বাধা দিতে গেলে তারা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা মোটরসাইকেলে কোনভাবে বসিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসি। আনার পর ডাক্তার আমাদের জানিয়েছে-অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া দৈনিক আজাদীকে বলেন, রাত ৮ টার দিকে গুরুতর আহত অবস্থায় মো. মাসুদকে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ নেতা মো. শামসুল আলম বলেন, গত ২৮ ডিসেম্বর সীতাকুণ্ডের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের পক্ষে আকবর শাহ এলাকায় আমরা একটি মিছিল বের করি। বিএনপির বক্কর এবং ফারুকের অনুসারী কয়েকজন যুবক আমাদের মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বক্করের সাথে মাসুদের কয়েকবার বাকবিতণ্ডা হয়। তারপর থেকে মোবাইলে কয়েকবার মাসুদকে হুমকি দেয়। মূলত এই ঘটনার রেশ ধরে আজকের (গতকাল) এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমি মনে করি।
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম দৈনিক আজাদীকে বলেন, আকবর শাহ এলাকার বক্কর, ফারুকসহ তার অনুসারীরা যুবলীগকর্মী মাসুদকে খুন করেছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, আকবর শাহ এলাকার ওয়ার্ড যুবলীগের অফিসের ভেতরে মো. মাসুদ নামে এক যুবলীগ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে গতকাল রাত ১১ টা পর্যন্ত কোনো মামলা রেকর্ড হয়নি বলে তিনি জানান।




