‘সরকার নতুন করে চিন্তা করছে সেন্টমার্টিন নিয়ে’
নিউজ ডেস্ক।। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে সরকার নতুন করে চিন্তা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ শুক্রবার বিকেলে সেন্টমাটিন দ্বীপ ঘুরে এসে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাটে মাহবুব আলী এ কথা বলেন।
পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের একমাত্র প্রবাল দ্বীপে সৌন্দর্য বৃদ্ধিসহ নানা দিক নিয়ে সরকার নতুন চিন্তা হাতে নিয়েছে। এমনিতে এ দ্বীপ দেশি-বিদেশি পর্যটকদের কাছে ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে, দ্বীপে কী কী করা যায় সেটি পরিকল্পনা করা হচ্ছে।’
দ্বীপের অবৈধ বহুতল ভবন নিয়ে কোনো সিধান্ত নেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘পুরো দ্বীপ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা রয়েছে। দ্বীপ ঘুরে দেখেছি, সব বিষয়গুলো নিয়ে আমরা বসে সিধান্ত নেব। দ্বীপ রক্ষার্থে যা করণীয় সরকার তা করতে প্রস্তুত।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোহাম্মদ মুহিবুল হক, যুগ্ম সচিব হুমায়ুন কবির, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির, কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়েজুল ইসলাম মণ্ডল ও টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকতা ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রমুখ।




