রডমিস্ত্রির সহকারী আদালতে শোনালেন কোটিপতি হওয়ার গল্প
নিউজ ডেস্ক।। আদালতে কোটিপতি হওয়ার গল্প শোনালেন ফেনীর ইয়াবা ও হেরোইন ব্যবসায়ী মো. মাসুদ (৩২)। ফেনীতে ইয়াবা ও হেরোইন বেচে মাত্র পাঁচ বছরেই রডমিস্ত্রির সহকারী থেকে কোটিপতি বনে যান তিনি। শহরের পূর্ব উকিলপাড়ায় ৭০ লাখ টাকা দিয়ে জমি কিনে পাঁচতলা ভিত্তির দোতলাবাড়ি করেছেন। গড়ে তুলেছেন মাদক বিক্রির সিন্ডিকেট। গত রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গিয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি। মাসুদকে গত ২০ জানুয়ারি মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় ফেনীস্থ র্যাব-৭ সদস্যরা সদর উপজেলার মাইজবাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
আদালতে মাসুদ বলেন, তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে। লেখাপড়া পঞ্চম শ্রেণি পর্যন্ত। প্রথমে রডমিস্ত্রির সহকারী ছিলেন। ফেনী শহরের মাস্টারপাড়ার ব্রাহ্মণপুকুরপাড়ে আড্ডা দিতেন তিনি। সেখানেই পরিচয় হয় আহাদ নামে এক মাদক ব্যবসায়ীর সঙ্গে। এভাবে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। মো. মাসুদ বলেন, ব্রাহ্মণপুকুরপাড়ে আহাদ তাকে ইয়াবা বিক্রির প্রস্তাব দেন। আহাদের কাছ থেকে তিনি ইয়াবা নিয়ে বিক্রি করতেন। এভাবে ইয়াবা বিক্রির একপর্যায়ে টেকনাফের ইয়াবা ব্যবসায়ী আবদুর রহিমের সঙ্গে পরিচয় হয় তার।
তিনি (রহিম) তাকে পাইকারি দামে ইয়াবা সরবরাহের প্রস্তাব দেন। এরপর মাসুদ ইয়াবা বিক্রি শুরু করেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করেন। ইয়াবা বিক্রির পাশাপাশি যশোর থেকে হেরোইন এনে বিক্রি করতেন তিনি। ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, গত ২০১৮ সালের ১৬ এপ্রিল ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার একটি বাসা থেকে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে পারভীন বেগম নামে একজন নারীকে গ্রেপ্তার এবং তার বাসা থেকে এক কেজি ৪০০ গ্রাম হেরোইন, ২৫ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২৯টি বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেন।
এ ঘটনায় পারভীন বেগম মাদক পাচারে জড়িত মো. মাসুদ, আরিফ ও সাকিবের নাম বলেন। মাসুদ পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর গত ২১ জানুয়ারি তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিন গত রোববার মাসুদ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন করেন। মাসুদ আদালতকে বলেন, ইয়াবা ও হেরোইন বিক্রি করে তিনি ইতিমধ্যে শহরের পূর্ব উকিলপাড়ায় সাড়ে চার শতক জমি কিনে পাঁচতলা ভিত্তির একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন। উৎস: পরিবর্তন।




