মালয়েশিয়ার সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য মামলা করবে ডব্লিউআরপির বিরুদ্ধে!
ডেস্ক রিপোর্ট।। মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার ও বেতন না দেওয়ায় চিকিৎসা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডব্লিউআরপি’র বিরুদ্ধে মামলা দায়ের করবে দেশটির সরকার। বাজে আচরণ, তিন মাস ধরে তাদের বেতন না দেওয়াসহ ৪২টি অভিযোগ দায়ের করা হবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মালয়েশিয়ার মানব সম্পদবিষয়ক মন্ত্রী এম. কুলাসেগারানকে উদ্ধৃত করে মালয় মেইল খবরটি জানিয়েছে। কুলাসেগারান দাবি করেন, গত বছরের আগস্ট থেকে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত করছে তার মন্ত্রণালয়।
মালয়েশিয়াভিত্তিক ডব্লিউআরপি একটি রাবার গ্লাভস উৎপাদনকারী প্রতিষ্ঠান। কুয়ালালামপুরের কাছেই এর সদর দপ্তর অবস্থিত। গত ডিসেম্বরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধান থেকে জানা যায়, ডব্লিউআরপি নামক প্রতিষ্ঠানের কারখানায় কাজ করা বাংলাদেশি শ্রমিকদের বাধ্যতামূলক ওভারটাইম করানোর পাশাপাশি জোরপূর্বক শ্রমদানে বাধ্য করা হচ্ছে। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ওই শ্রমিকেরা অভিযোগ করেন, বেতন বকেয়া রাখা, ঋণের জালে আটকানো ও পাসপোর্ট জব্দ করে রাখার মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। গার্ডিয়ান আন্তর্জাতিক শ্রম সংঘের নীতিকে বিবেচনায় নিয়ে একে ‘আধুনিক শ্রমদাসত্ব’র পরিস্থিতি আখ্যা দেয়। তবে সেসময় ডব্লিউআরপি কর্তৃপক্ষ সে অভিযোগ নাকচ করে দেয়।
মালয়েশিয়ায় কামপুং তাই লী গ্রামের বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় সাংবাদিকদের তিনি জানান, ডব্লিউআরপি’র বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি জানান, অভিযোগগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশি ও নেপালি শ্রমিকদের জন্য যথাযথ জীবনমান নিশ্চিত করতে ব্যর্থ হওয়া। এ অভিযোগ তুলে কয়েকদিন আগেও ধর্মঘট পালন করেছেন দুই হাজার কর্মী।
কুলাসেগারান বলেন, ‘সেখানকার জীবনমানের অবস্থা ভয়াবহ। পরিস্থিতির উন্নয়নে আমরা কঠোর হচ্ছি।’ গত বছরের আগস্ট থেকে তদন্ত চলছে। তদন্তের ফলাফল থেকে নিশ্চিত হওয়া গেছে যে কোম্পানিটি শ্রম আইন লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে ৪২টি অভিযোগ রয়েছে।’ মালয়েশিয়ার মানবসম্পদবিষয়ক মন্ত্রী জানান, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণকারী কোম্পানিগুলোর তালিকায় শুধু ডব্লিউআরপি’ই নেই। সরকারের তালিকায় এরকম আরও দশটি কোম্পানি আছে। তবে তদন্ত শেষ না হওয়ায় এসব কোম্পানির নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।




