প্রধানমন্ত্রীকে চা-চক্রে আমন্ত্রণের জন্য ধন্যবাদ, ঐক্যফ্রন্ট ব্যাখ্যা দিল না যাওয়ার
নিউজ ডেস্ক।। জোটের নেতাদের চা-চক্রে আমন্ত্রণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সঙ্গে তারা শনিবারের আমন্ত্রণে যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে আজ শুক্রবার গণভবনে চিঠি দিয়েছে। জোটের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সকালে চিঠি নিয়ে গণভবনে যায় বলে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ খোরশেদ আলম গ্রহণ করেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খেলা চিঠিতে বলা হয়, ‘গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে।’ কমিটি আমন্ত্রণে অংশ না নেওয়ার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, ‘গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হরণ করা হয়েছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘ঐক্যফ্রন্টের কয়েক হাজার নেতা-কর্মী এখনো জেলে। সেই সঙ্গে নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।‘ এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ করা চা-চক্রে অংশ নেয়া কোনোভাবেই সম্ভব নয় চিঠিতে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতাদের চিঠি দেন। এতে ২ ফেব্রুয়ারি গণভবনে শুভেচ্ছা বিনিময়ের জন্য চা-চক্রের আমন্ত্রণ জানানো হয়। একাদশ সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা ১ ও ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সংলাপে বসেছিলেন।




