আদালতে সাবেক এমপি রানা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার পরবর্তি সাক্ষ্যগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে পৌনে ১১টার টাঙ্গাইল বিচারিক আদালতে আনা হয়। ১১টা ১০ মিনিটে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানম এ চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন।
রাষ্ট্রপক্ষ এ মামলার সাক্ষী ফারুক হোসেন মানিক ও বারেককে আদালত উপস্থিত করে। বিবাদী পক্ষের আইনজীবীরা ১১টা ৪০ মিনিটে এই দুইজন সাক্ষীর জেরা সমাপ্ত করে। পরে বিচারক আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার অন্যান্য সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এই দুই সাক্ষীসহ আদালতে মোট ১৩জনের সাক্ষ্যগ্রহণ হলো।এর আগে গত ১১ ফেব্রুয়ারি বাদির সাক্ষ্যগ্রণের মধ্যদিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যায় এমপি রানা ও তার ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই মামলায় এমপি রানা ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪জন আসামি রয়েছে।গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।




