255285

গণফোরামের বৈঠকে আসেননি সুলতান মনসুর!

গণফোরামের ৫ম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় উপস্থিত হননি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তবে দলটি থেকে নির্বাচিত আরেক এমপি মোকাব্বির খান এসেছেন।বুধবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতি সভা শুরু হয় । এতে উপস্থিত আছেন নির্বাচনে অংশ নেয়া রেজা কিবরিয়া, আবু সাঈদ, সুব্রত চৌধুরী। গণফোরামের দায়িত্বশীল সূত্র জানায়, সুলতান মনসুরকে দাওয়াত দেয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি। সভায় সভায় গণফোরামের নির্বাচিত দুই নেতার শপথ নেয়া, না নেয়ার বিষয়টি প্রাধান্য পাবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৮টি আসন। নির্বাচনের দিন রাতেই ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।গত ৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন গণফোরামের নির্বাচিত দুই এমপির শপথ নেয়ার বিষয়ে ‘জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থান ইতিবাচক’ বলে ঘোষণা দিয়েছিলেন। তবে পরদিন ‘ইতিবাচক মানে শপথ নিচ্ছেন এমন কথা নয়’ বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় গণফোরাম।

তবে গত দুদিন সংবাদ মাধ্যমকে সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। এই সময়ে আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে। পরদিন সোমবার গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’ অবশ্য এদিনই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে শপথ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায় গণফোরাম। বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

ad

পাঠকের মতামত