বিপিএল ছাড়ছেন এবি ডি ভিলিয়ার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথমবারের মতো ক্রিকেটে খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সবাই ধারণা করেছিলেন হয়তো পুরো টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবেন ডি ভিলিয়ার্স।কিন্তু রবিরার (২৭ জানুয়ারি) সকালে রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার গণমাধ্যমকে জানান, প্লে অফ পর্বের আগেই দেশে ফিরে যাবেন এবি ডি ভিলিয়ার্স। তাই শুধুমাত্র গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই পাওয়া যাবে এবি কে।তবে পরেরদিন সোমবার (২৮ জানুয়ারি) রাতেই জানা গেল কেন বিপিএলের মাঝপথেই চলে যাবেন তিনি। এবি ডি ভিলিয়ার্স নিজেই সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন সেই কারণ।
স্বাগতিক চিটাগং ভাইকিংসকে হারানোর পর সোমবার শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও সহজ জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকার করা ১৮৬ রানের লক্ষ্য ১০ বল ও ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস এ ম্যাচে খেলেছেন ৮৫ রানের ইনিংস। তবে ম্যাচের নায়ক তিনি নন। কেননা বিপিএলে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমেই যে সেঞ্চুরি হাঁকিয়েছেন মি. এবি ডি ভিলিয়ার্স। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ১০০ রান। হেলস-ডি ভিলিয়ার্সের রেকর্ড ১৮৪ রানের জুটিতেই সহজ জয় পায় মাশরাফির রংপুর।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন সদা স্বতঃস্ফূর্তি এবি ডি ভিলিয়ার্স। এ সময় কি কারণে বিপিএল ছাড়ছেন, সে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। জবাবে ডি ভিলিয়ার্স জানান, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন, ঠিক সে কারণেই বিপিএল থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।মি. ৩৬০ ডিগ্রি খ্যাত ডি ভিলিয়ার্সের ফিরে যাওয়ার কারণটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং বেশ আবেগজড়িত। মূলত নিজের পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যেই টুর্নামেন্ট শেষ না করে চলে যাবেন তিনি।অল্প সময়ের মধ্যে রংপুরের সবার সঙ্গে যে ভালো একটা বন্ধন সৃষ্টি হয়েছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন এই ক্রিকেট তারকা।
এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘সত্যি বলতে খুব অল্প সময়ই রংপুর দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু হয়ে গেছে। দলের টিম ম্যানেজমেন্ট কিংবা খেলোয়াড়- সবাই বেশ আন্তরিক। দলের ভেতরের পরিবেশও অসাধারণ। কিন্তু আমি বেশ খানিকটা আবেগপ্রবণ মানুষ। আমি আমার পরিবারকে সময় দেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছি। একই কারণে বিপিএল থেকেও বিদায় নিতে হবে।’
তিনি বলেন, ‘এখানের সময়টা আমি বেশ উপভোগ করছি। আমি পরের আসরেও এখানে খেলতে চাই। আরও বেশি সময়ের জন্য। সে ব্যাপারে দলের কর্তাদের সঙ্গে কথা বলেই যাবো।’ ডি ভিলিয়ার্স জানিয়েছেন, পরের মৌসুমে আবার আসবেন বিপিএল খেলতে, আরও বেশি সময় নিয়ে।গত ১৭ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখেন ডি ভিলিয়ার্স। ১৯ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি।




