254752

প্রথম স্বামীর জমি দিলেন দ্বিতীয় স্বামীকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে ফাতেমা বেগম নামের এক গৃহবধূ প্রথম স্বামীর নামে থাকা ১৩ শতাংশ জমি জালিয়াতি করে দ্বিতীয় স্বামীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে।মালেয়শিয়া প্রবাসী ফারুক উদ্দিন আহাম্মেদ জানান, তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার আলীসারদি এলাকায়। তিনি তার নামে রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় (দীঘিবরাবো মৌজায় সিএস ২০৬, এসএ ২১১ ও আরএস ৩৬৮ দাগ) ১৩ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। ১৮ বছর আগে একই থানার মদনগঞ্জ এলাকার সেলিম আহামেদের মেয়ে ফাতেমা বেগমকে বিয়ে করেন।

তাদের সংসারে ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তান রয়েছে। কর্মজীবনের তাগিদে তিনি ১৬ বছর ধরে মালেয়শিয়া কাজ করে আসছিলেন। বিদেশে থাকার সুযোগে স্ত্রী ফাতেমার সঙ্গে নারায়ণগঞ্জ সদর থানার রায়রোড এলাকার রওশন আলী সরকারের ছেলে শরীফ সরকারের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।এরপর প্রথম স্বামী ফারুক উদ্দিন আহাম্মেদের নামে থাকা ১৩ শতাংশ জমি দ্বিতীয় স্বামী শরীফ সরকারকে ভুয়া দাতা বানিয়ে প্রতারণার মাধ্যমে ফাতেমার নামে একটি আমমোক্তারনামা দলিল করে নেয়। আমমোক্তারনামা দলিলের ২০ দিন পর ফাতেমা বেগম আবার ওই ১৩ শতাংশ জমি সাব-কাবলা রেজিস্ট্রি করে দেয় দ্বিতীয় স্বামী শরীফ সরকারের নামে।

প্রতারণা ও জালিয়াতি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার সংবাদ পেয়ে ফারুক উদ্দিন আহাম্মেদের নির্দেশে তারই ভাগিনা সারোয়ার উদ্দিন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন।

ad

পাঠকের মতামত