254676

আ’লীগ ডাকলে চিন্তা করব: সুলতান মনসুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হয়েছেন সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর। ভোট ডাকাতির অভিযোগে ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না। তবে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জয়ী সুলতান মনসুর শপথ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সুলতান মনসুর বলেন, গণফোরাম শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।আর নেতিবাচক সিদ্ধান্ত নিলেও তিনি শপথ নেয়ার সিদ্ধান্তে অনঢ় থাকবেন।এক্ষেত্রে প্রয়োজনে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন। এক্ষেত্রে আওয়ামী লীগ যদি তাকে ডাকে তাহলে তিনি তা চিন্তা করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি আমাকে ডাকে তা হলে চিন্তা করতে পারি। কারণ আমাকে তো আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়নি।তিনি কোনো দলে যোগদান করেননি উল্লেখ করে সুলতান মনসুর বলেন, আওয়ামী লীগ থেকে আমাকে কেউ বের করে দেয়নি। আর আমি কোনো দলে যোগদানও করিনি। আমি বঙ্গবন্ধুর সৈনিক। গণফোরাম থেকে নির্বাচনে গেছি। কারণ গণফোরামে বঙ্গবন্ধুর চিন্তার মিল আছে।সুলতান মোহাম্মদ মনসুর যুগান্তরকে বলেন, আমরা কখনও বলিনি শপথ নেব না। ড. কামাল হোসেনও বলেছেন- শপথ নেয়ার ব্যাপারে আমরা ইতিবাচক। আর এটিই আমাদের কথা।

এর বাইরে অন্যরা কে কী বলছেন, তা আমি জানি না। সময় তো আছে, তাড়াহুড়ার কিছু নেই। ৯০ দিনের মধ্যে শপথ নিলেই হবে। তিনি বলেন, জনগণ শত প্রতিকূলতায় অনেক ত্যাগ স্বীকার করে আমাদের নির্বাচিত করেছে। আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। তবে সরাসরি বিএনপি থেকে নির্বাচন করিনি।ধানের শীষ ঐক্যফ্রন্টের প্রতীক। যেহেতু নির্বাচন করব, তাই এ প্রতীক নিয়েছিলাম।সুলতান মোহাম্মদ মনসুর বলেন, বিএনপি তাদের সিদ্ধান্ত নেবে। জাতীয় ঐক্যফ্রন্টও সিদ্ধান্ত নেবে। জাতীয় ঐক্যফ্রন্টে তো সবাই আলাদা দল। আমাদের সিদ্ধান্ত ‘অবশ্যই পজিটিভ’ হবে।

এক প্রশ্নের জবাবে মনসুর বলেন, ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিলেও সংসদে যাওয়ার ব্যাপারে আমাদের স্বাধীন চিন্তার অধিকার আছে। আমার এলাকার ভোটারদের কথা ভাবতে হবে। তারা কেন আমাকে নির্বাচিত করেছে। ধানের শীষ প্রতীকে আপনি নির্বাচিত হয়েছেন, বিএনপির সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলে আইনি কোনো সমস্যা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না, এটি কোনো সমস্যা হবে না।বিএনপি যদি সংসদে যেত, আর আমি যদি তাদের বিরুদ্ধে সংসদে ভোট দিতাম, সে ক্ষেত্রে সমস্যা হতো। এখন যেহেতু বিএনপি সংসদে যাচ্ছে না। তাই আমার শপথে কোনো সমস্যা হবে না। আমি তো গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে সংসদে কথা বলার জন্য। তাদের জন্য কাজ করতেই আমাকে সংসদে যেতে হবে।ঢাকসু সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

ad

পাঠকের মতামত