‘এটা শেষ সুযোগ সাব্বিরের জন্য’
নিউজ ডেস্ক।। আগামী মাসে বিপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য ইতোমধ্যে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান। সাব্বিরকে দলে নেয়ার বিষয়টি ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির রহমানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। কিন্তু সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া সত্ত্বেও তাকে দলে নেয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামে সাব্বিরকে দলে অন্তর্ভৃক্ত করার প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আসলে আগে আমি প্রতিটা জিনিসে যেভাবে জড়িত ছিলাম বিশেষ করে টিমের ব্যাপারে, স্কোয়াড নিয়ে এখন সেভাবে নেই। গত তিন মাস ধরে আমি একদম অফ। আমি ইন্টারফেয়ার একদমই করছি না। সাব্বিরকে যে জন্য রেখেছে একটা হতে পারে ক্যাপ্টেন, কোচ ওরা হয়তো চেয়েছে। আগে থেকেই চাইছিল। চাইছিল বিশ্বকাপের জন্য। ওরা বলছিল যদি পারফর্ম করে তাহলে বিশ্বকাপে ওর একটা সুযোগ আছে।’
তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের আগে এই সিরিজে ওকে খেলাতে নাও পারে। টিমের সাথে নিয়ে গেল হয়তো ওর সেন্টিমেন্ট ও মেন্টালিটি সব ঠিক করার জন্য। কন্ডিশনিংয়ের জন্য হতে পারে। তা না হলে ১৫-২০ দিন আগে ওকে নেওয়ার কারণই দেখি না। কারণ ১৫-২০ দিন পর এটা শেষই হয়ে যেত। অবশ্য পারফরম্যান্সও একটা বিষয়। সর্বশেষ একটা ম্যাচে করেছিল ৮৫। সেটা দেখে আরো উৎসাহিত হয়েছে। মনে করেছে ও পারফরম্যান্সে ফেরত আসছে। এটা হতে পারে।’
বিসিবি সভাপতি বলেন, ‘যখন লিস্ট আমার কাছে সই করার জন্য আসে তখন আমি ওর শাস্তির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। বলেছিলাম শাস্তি শেষ হচ্ছে কবে? আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে। একটা হতে পারে মেয়াদটা কমিয়ে দেওয়াতে শাস্তি কমে গেছে। আমি তখন জিজ্ঞাসা করি নাই।’
তিনি বলেন, ‘আসলে দুই একটা ফ্যাক্ট আছে। ওকে যখন বাদ দেওয়া হয় তারপর অনেকবার রিকোয়েস্ট এসেছে ওকে দলে নেওয়ার জন্য। আমরা সাধারণত এমনটা নিতে চাই না বা নিই না। এটা অবশ্যই ওর জন্য শেষ সুযোগ। এরপর যদি আবারো করে জীবনেও আর খেলতে পারবে না। আমি মনে করি, ও আরো বেশি সময় নিয়ে আরো বুঝে শুনে আসলে ওর জন্য ভালো হতো। ওর জন্য ঝুঁকি অনেক বেশি। একটা ছোট ভুলে ওর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।’




