বিসিবির কেন্দ্রীয় চুক্তির আকার বাড়ছে , মাশরাফির জন্য সুখবর
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে বর্তমানে ক্রিকেটারদের সংখ্যা ১০ জন। তবে আগামী মাসে এই চুক্তিতে আরও কিছু খেলোয়াড় যোগ করার চিন্তা বোর্ডের। সোমবার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান।বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সব সময় ১৫-১৬ জন ক্রিকেটার থাকে। কিন্তু গত বছর তা কমিয়ে ১০ জনে আনা হয়। তবে চলতি বছরে আবারও কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের তালিকা বড় করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘মাশরাফি ওয়ানডে টিমের ক্যাপ্টেন। সে অবশ্যই থাকবে। সাব্বিরের বিষয়টি পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। গতবার যেমন ছিল একজন দুইজন নতুন খেলোয়াড় ঢুকতে পারে।’
শুধু কেন্দ্রীয় চুক্তিই নয়, টানা খেলা থাকার কারণে খেলোয়াড়দের যাতে ইনজুরি না হয় সেটি নিয়ে বেশ সতর্ক বিসিবি। তাই ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। কিছু খেলোয়াড় যাতে ইনজুরিতে না পড়ে সে জন্য আমরা চেষ্টা করছি। কিছু খেলোয়াড়কে বিশ্রামে রাখার বিষয়ে ভাবছি। বিপিএল শেষ হলে আমরা তা বলে দিতে পারবো।’




