254249

স্কুল থেকে ফেরা হলো না ভাই-বোনের

স্কুল শেষে দুই ভাই-বোন বাবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো। কিন্তু মাঝপথেই বেপরোয়া ট্রাক থমকে দিয়েছে তাদের জীবন। সোমবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজিন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে আরফিন (১৩) ও তার ভাই আফসার (১০)।তাদের বাবার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মনসুর জানান, কেরানীগঞ্জের কদমতলীতে অবস্থিত কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আফরিন ও তার ছোট ভাই ৪র্থ শ্রেণির ছাত্র আফসার সোমবার বেলা ১২টায় তাদের বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো।

রাজিন্দ্রপুর এলাকায় বেপরোয়া গতির ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানিয়েছেন-তার অবস্থাও আশংকাজনক। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখে।

ad

পাঠকের মতামত