তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক।। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা যেন আর ক্ষমতায় না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।’ আজ সোমবার বিকেলে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী মোটর চালক লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন হিসেবে উল্লেখ করে ১৪ বছরের সংগ্রামের জন্য অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যখন মোটরচালকদের রাতে গাড়ি চালাবার পর দিনে বিশ্রামের জন্য নির্দেশ দিয়েছেন আর বিএনপি-জামাত তখন হরতাল-অবরোধের নামে ১০০ জনেরও বেশি মোটর চালককে পুড়িয়ে হত্যা করেছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘চট্টগ্রামে নিরীহ সিএনজি চালক, থেমে থাকা ট্রাক চালকসহ পুড়িয়ে দেবার মত নৃশংস কাজ যারা করে, তাদেরকে কোনোভাবেই জনগণ গ্রহণ করতে পারে না।’ বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে ভরাডুবি হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে লাভ নেই। এটি তাদের কর্মফল। তারা মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানো এ ধরনের কাজের ফল তারা ভোগ করছে।’
বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।




