254512

অবশেষে ঘুষের টাকা ফেরত দিলেন এসআই

স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে নারী ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেরত দিলেন বানারীপাড়া থানার এসআই মোশারফ হোসেন। শনিবার বানারীপাড়ার বিশারকান্দি গ্রামের কীটনাশক ব্যবসায়ী সীমা পাণ্ডের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংসদ মো. শাহে আলমের হস্তক্ষেপে ওই এসআই রোববার টাকা ফেরত দেন।

জানা গেছে, এসআই মোশারফ শনিবার সন্ধ্যায় বিশারকান্দি গিয়ে সীমা পাণ্ডের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ চান। টাকা না দিলে সীমাকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো হয়। সীমা তাৎক্ষণিক ৩০ হাজার টাকা দেন। পরে অন্য ব্যবসায়ীদের পরামর্শে সীমা স্থানীয় সাংসদ শাহে আলমের কাছে নালিশ দেন। সাংসদ শাহে আলম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বানারীপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আকরামুল হাসানকে। চাপের মুখে এসআই মোশারফ সীমা পাণ্ডেকে ৩০ হাজার টাকা ফেরত দেন।বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান টাকা ফেরত দেওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন সহকারী পুলিশ সুপার। এ বিষয়ে অভিযুক্ত এসআই মোশারফ হোসেন বলেন, ঘটনাটি অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে।

ad

পাঠকের মতামত