সারা এবার মুখ খুললেন বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে
বিনোদন ডেস্ক।। ডেবিউতেই বলিউড মহলে নজর কেড়েছেন সারা আলি খান। ‘কেদারনাথ’-এ তিনি নিজের জাত চিনিয়েছেন। ‘সিম্বা’তেও সারার পারফরমেন্স দর্শকের পছন্দ হয়েছে। তার রক্তে অভিনয়। দাদী শর্মিলা ঠাকুর, বাবা সাইফ আলি খান, মা অমৃতা সিং সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনয়কে পেশা হিসেবে নেবেন, এ সিদ্ধান্ত নেওয়ার পর সাইফ তাকে গাইড করেছেন। পরামর্শ দিয়েছেন কারিনাও। কিন্তু সারা বড় হয়েছেন মায়ের কাছেই। তার ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তার কতটা প্রভাব পড়েছিল এই স্টার কিডের ওপর?
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বাবা-মায়ের বিচ্ছেদ সারা দেখেছেন। মায়ের কাছে বড় হলেও বাবা তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে বাবার নিয়মিত সাহচর্য তিনি পাননি। কিন্তু তা নিয়ে কোনও ক্ষোভ নেই সারার। বরং বাবা-মায়ের বিচ্ছেদকেই তিনি সমর্থন করেছেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সারা বলেন, ‘যে বাড়ির মানুষগুলো ভাল নেই, সে বাড়িতে থাকা মুশকিল। আমার বাবা, মা দু’জনেই খুব সুখী মানুষ। আনন্দ করতে ভালবাসে। কিন্তু আলাদা আলাদা ভাবে। একসঙ্গে ওরা ভাল থাকবে না। ওরা সেটা অনেক আগেই বুঝেছিল। আমি তো এটা সৌভাগ্য হিসেবেই দেখব। কারণ এখন আমার দু’টো বাড়ি রয়েছে। যেখানে আমি আনন্দে, নিশ্চিন্তে থাকতে পারব।’




