254329

ফখরুল কারও দয়ায় এমপি হননি: কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারও দয়ায় এমপি নির্বাচিত হননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই তিনি সংসদে না গেলে নিজেকে ও ভোটারদের বঞ্চিত করবেন বলেও দাবি করেছেন আওয়ামী লীগের এই নেতা। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সংসদ অধিবেশনে যোগ দিতে মির্জা ফখরুলকে সংসদ আমন্ত্রণ জানিয়ে ফোন করবেন কি-না’- এমন একটি প্রশ্নের উত্তরে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল কারও দয়ায় নির্বাচিত হননি। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই সংসদে গিয়ে অধিবেশনে যোগ দেওয়া তার অধিকার। তিনি সংসদে না গেলে নিজেকে বঞ্চিত করবেন। ভোটারদের বঞ্চিত করবেন।

তিনি আরো বলেন, এটা গণতান্ত্রিক চর্চার বিরুদ্ধাচরণ। আর বিএনপি সেক্রেটারি যদি বলেন পক্ষপাতমূলক নির্বাচন হয়েছে। তাহলে তিনি কি পক্ষপাতমূলকভাবে নির্বাচিত হয়েছেন? তিনি কিভাবে নির্বাচিত হলেন? তিনি কারও দয়ায় নির্বাচিত হয়নি। এটা তার অধিকার। তাকে ফোন করে আনতে হবে কেন?

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক। এটাকে আমি ইতিবাচক হিসেবে নিচ্ছি। এটাতো ভালো। তারা সংসদে এলে অবশ্যই আমরা স্বাগত জানাবো। আমরা চাই তারা আলোচনা করবেন। বিতর্কে অংশ নেবেন। তারা যতোই সমালোচনা করবেন ততোই গণতন্ত্র শক্তিশালী হবে।

ad

পাঠকের মতামত