কাভানির নৈপুণ্যে নেইমারহীন পিএসজি’র বড় জয়
স্পোর্টস ডেস্ক।। ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন নেইমার। তবে দলের সবচেয়ে বড় তারকা ছাড়াই রোববার বড় জয় পেয়েছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে রেনের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে টমাস টুখেলের শিষ্যরা। জোড়া গোল করেছেন দারুণ ছন্দে থাকা এদিনসন কাভানি। একটি করে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ও অ্যাঞ্জেলা ডি মারিয়া। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়া ক্রস থেকে বল পেয়ে হেডে দলকে এগিয়ে দেন কাভানি। অবশ্য ম্যাচের ২৮ মিনিটে এমবায়ে নিয়াংয়ের গোলে সমতায় ফেরে অতিথিরা।
দ্বিতীয়ার্ধে ফিরে গোল উৎসবে মাতে স্বাগতিকরা। ১১ মিনিটের মধ্যে দিয়ে ফেলে আরো ৩ গোল। শুরুটা করেন ডি মারিয়া। ম্যাচের ৬০ মিনিটে সিলভার বাড়ানো বল ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান এই আর্জেন্টাইন মিড ফিল্ডার। তার ৬ মিনিট পর ব্যবধান ৩-১ এ নিয়ে যান এমবাপে। চলতি লিগে এটি তার ১৮ নম্বর গোল। আর ম্যাচের ৭১ মিনিটে এমবাপে-কাভানির নৈপুণ্যে চতুর্থ গোলটি পায় পিএসজি। এমবাপের কাছ থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন কাভানি। এই জয়ে শীর্ষস্থানে থাকা পিএসজির পয়েন্ট ৫৬। ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লিল।




