চা বেচেই সংসার চালান পৌর কাউন্সিলর
এলাকাবাসীর অনুরোধে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করেন। বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিতও হন। পৌরসভার পক্ষ থেকে তার ওয়ার্ডের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্ধ দেয়া হয় তার পুরোটাই এবং পৌরসভার পক্ষ থেকে যে পরিমান সামান্য ভাতার টাকা পান সেটাকাও তিনি জনগনের উন্নয়নের জন্য ব্যয় করে থাকেন। মুদি দোকানে চা বিক্রি করে যা আয় রোজগার করেন, তাই দিয়ে কোনো রকমে সংসার চালাতে হয়।বলছিলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কমিশনার আব্দুর রাজ্জাকের (৪২) কথা। তার বাড়ি বাইমহাটি গ্রামে।
আব্দুর রাজ্জাকের পিতা মো. নাজিম উদ্দিন একজন দিনমজুর। পাঁচ ভাই-বোনের মধ্যে আব্দুর রাজ্জাক বড়। বাবা দিনমজুর হলেও সততার সঙ্গে অন্যের বাসা বাড়ি ও ইট ভাটায় কাজ করে সংসার চালাতেন। এক সময় উত্তরাঞ্চল থেকে ইটভাটা শ্রমিক এনে বিভিন্ন ইটভাটায় সাপ্লাই দিতেন। কোনো দিন খেয়ে আবার কোনো না খেয়ে চলতো তাদের সংসার। দরিদ্রের সংসার হলেও শিক্ষার প্রতি আব্দুর রাজ্জাকের স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার। ১৯৯৬ সালে মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে মির্জাপুর ডিগ্রি কলেজে এইচএসসিতে ভর্তি হন। অর্থের অভাবে এইচএসসি পাশ করা সম্ভব হয়নি। পরিবারের হাল ধরতে তাকে দিন মজুরী করতে হয়। পাশাপাশি সন্ধ্যায় মুদির দোকানে চা বিক্রি। বাবা মায়ের অনুরোধে ২০০৩ সালে বিয়ে করেন। বিয়ের পর এক ছেলে ও এক মেয়ের বাবা হন। বড় মেয়ে দৃষ্টি মনি আক্তার (১২) ৭ম শ্রেণিতে এবং ছোট ছেলে আব্দুর রহমান (৬) নার্সারিতে পড়াশোনা করছেন।
আব্দুর রাজ্জাক সৎ, নিষ্টাবান ও জনদরদী হওয়ার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর হয়েও ফুটপাতের দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হয় তাকে। গত ১০ বছর ধরে তিনি ফুটপাতের একটি দোকানে চা বিক্রি করে চালাচ্ছেন সংসার!আব্দুর রাজ্জাক বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। সমাজের জন্য যদি কিছু করে যাওয়া যায় তাই চিরস্থায়ী এবং সাধারণ মানুষ এটাই মনে রাখবে। আমার সমাজ ও অন্যকে দেওয়ার মতো অনেক সাধ আছে, কিন্ত অর্থকড়ি না থাকায় দেবার সাধ্য কম। মানুষ আমাকে যে সম্মান ও ভালবাসে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মানুষের সেবা করে যেতে চাই, এটাই আমার চাওয়া ও পাওয়া।
মির্জাপুর পৌরসভার মেয়র ও সাবেক ভিপি মো. শাহাদত্ হোসেন সুমন বলেন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক একজন সৎ, দায়িত্বশীল, ন্যায়পরায়ন, ভাল ও উদার মনের মানুষ। তার মতো ভাল ও সৎ মানুষ সমাজে নেই বললেই চলে। সূত্র: বাংলাদেশ জার্নাল




