হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ, নিহত ৭
ডেস্ক রিপোর্ট।। ফ্রান্স ও ইতালির সীমান্ত এলাকায় আল্পস পর্বতে একটি হেলিকপ্টার ও একটি হালকা বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। আর এই সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে। ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা (সিএনএসএএস) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, আয়োস্তা উপত্যকার লা তুইলে এলাকার রুতোর হিমবাহের ওপরে এই সংঘর্ষটি ঘটে। তবে কখন এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তালির উত্তর-পশ্চিম এলাকার আয়োস্তা উপত্যকা স্ব-শ্বাসিত অঞ্চল। পার্বত্য এই এলাকাটি দেশটির সবচেয়ে জনবিরল এলাকার একটি। এখানকার লা তুইলে এলাকায় জনপ্রিয় স্কি-রিসোর্ট রয়েছে।
ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, সংঘর্ষের পর চিকিৎসক এবং উদ্ধারকারীদের নিয়ে দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। ধাতু কাটার যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, ওই হেলিকপ্টার ও বিমানটির সংঘর্ষ কিভাবে হয়েছে বা আরোহী কারা ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।




