253904

সেতুর টোল না দিয়ে ফেনসিডিলের গাড়ি নিয়ে গেল পুলিশ

উত্তরবঙ্গ থেকে আসা ফেনসিডিল বোঝাই একটি কাভার্ডভ্যান আটকের পর বঙ্গবন্ধু সেতুর পূর্বে টোল না দিয়ে গাড়ি পার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ফেনসিডিল বোঝাই একটি কাভার্ডভ্যান গাড়িকে পুলিশ সিগনাল দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে সেতুর পশ্চিমের টোলপ্লাজার ১০নং লেনের বেরিয়ার ভেঙে সেতুতে উঠে পড়ে। পরে বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু নিয়ে সেতুরপূর্ব পাড় থেকে আটক করে। এ সময় কাভার্ডভ্যানের চালক ও অন্যরা পালিয়ে যায়।

পরে গাড়িটি আটক করে রাসেল নামের এক চালকের সহায়তায় এসআই রঞ্জু পূর্বপাড়ের ৪নং লেনের টোলপ্লাজার বেরিয়ার ভেঙে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে সেতুর পশ্চিম থানায় নিয়ে যায়। এ সময় টোল আদায়ে নিয়োজিত অপারেটররা গাড়ির ও মোটরসাইকেলের টোল চাইলে ওই পুলিশ কর্মকর্তা টোল না দিয়ে চালককে সেতু পার করতে নির্দেশ দেন।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায় প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পুলিশের ওই কর্মকর্তা টোল না দিয়ে গাড়ি পার করেছেন। বিভাগীয় বিচারের জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হবে। এ ছাড়া সেতু কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার (উপ-পরিদর্শক) এসআই জহুরুল ইসলাম বলেন, গাড়িটি আটক করতে পারলেও গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে গেছে। এ সময় গাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল পাওয়া যায়। গাড়িটি আনতে পূর্বপাড়ে টোল দেয়া হয়নি। তবে পরবর্তীতে টোলের টাকা সেতু কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেতুর টোল বেরিয়ার ভাঙার কোনো ঘটনা ঘটেনি।

ad

পাঠকের মতামত