নিখোঁজ ছাত্রের লাশ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দুহাত বাঁধা অবস্থায় নিখোঁজ এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে প্রতিবেশী খবির মোল্যার বাথরুমের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত আল-আমিন (১০) চরকুমারিয়া ইউনিয়নের নাজিমুদ্দিন মোল্যার কান্দির বাসিন্দা স্বপন মাঝির ছেলে।এর আগে গত ১৭ জানুয়ারি রাত ১১টার দিকে বাড়ির পাশের এক ওয়াজ মাহফিল থেকে আল-আমিন নিখোঁজ হয়। সে ৭৬নং বাহেরচর মোল্যা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। আল-আমিনের বাবা স্থানীয় মোল্যার হাটের জুতার ব্যবসায়ী।
আল-আমিনের মামা জাকির হোসেন বলেন, গত ১৭ জানুয়ারি নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও আল-আমিনের কোনো সন্ধান পাচ্ছিল না পরিবারের লোকজন। পরে শনিবার রাত ৮টার দিকে সন্দেহজনকভাবে প্রতিবেশীদের বাথরুমের সেপটিক ট্যাংকে খোঁজাখুজি করে তার মা-বাবা ও স্বজনরা।এ সময় প্রতিবেশী খবির মোল্যার বাথরুমের সেপটিক ট্যংকে আল-আমিনের লাশ দেখতে পায় তারা। পরে পুলিশকে খবর দিলে রাত ১১টার দিকে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের পেট কাটা ও দুই হাত বাঁধা ছিল।
সখিপুর থানার ওসি এনামুল হক বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কে বা কারা শিশুটিকে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।ধারণা করা হচ্ছে, ছেলেটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশের হাত বাঁধা ও পেট কাঁটা ছিল। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




