ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন পুলিশের এসআই, বউ নিয়ে এলেন পালকীতে!
নড়াইল প্রতিনিধি : সেই আগের দিনের মতো ঘোড়ার পিঠে ও পালকীতে চড়ে বিয়ে করলেন পুলিশ অফিসার আশিকুর রহমান আশিক। তিনি লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. ওহাব শেখের ছেলে। এবং ঢাকার মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই)।আশিকুর রহমান আশিক শনিবার এ বিয়ে করেন। পাত্রী নড়াইলের লোহাগড়ার রাজুপুর গ্রামের মো. হিসাম উদ্দিনের মেয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের অনার্স সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী এ্যানি।পারিবারিক আয়োজনের এ বিয়েটি ব্যতিক্রমী উপায়ে সম্পন্ন হওয়ায় বিয়ের খবরটি এলাকার মানুষের মুখে মুখে। প্রবীনরা বলছেন, এক সময় এমন দৃশ্যের কত বিয়ে দেখেছি। আজ যেন হারিয়ে গেছে সেসব স্মৃতি।
শনিবার দুপুরে বর আশিক নিজ বাড়ি থেকে কনে এ্যানির বাড়িতে ঘোড়ার পিঠে চড়ে পৌঁছায়। পরে নববধূকে নিয়ে পালকীতে করে নিজ বাসায় ফিরে আসেন তিনি। দীর্ঘদিন পরে গ্রামবাসী হারিয়ে যাওয়া পালকীর সেই মধুর স্মৃতি ও ঘোড়ায় চড়ে বিয়ের দৃশ্য অবলোকন করল।




