নির্বাচনে না যাওয়ার ঘোষণা বিএনপির একক সিদ্ধান্ত, ঐক্যফ্রন্টের নয়: মান্না
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার যে ঘোষণা বিএনপি দিয়েছে এটা তাদের একক সিদ্ধান্ত, এটা জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারে। এটা তাদের দলের রাজনৈতিক কৌশল বা সিদ্ধান্ত। তবে এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার এই সিদ্ধান্ত গ্রহণে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে কোনো আলোচনা করা হয়নি। এ সিদ্ধান্ত বিএনপির একক সিদ্ধান্ত। আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমাদের সাথে আলোচনা করা হয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সরকারের অধীনে জাতীয় ঐক্যফ্রন্ট আর কোনো নির্বাচনে অংশগ্রহণ কববে কিনা, সে বিষয়ে আমাদের এখনো কোনো আলোচনা হয়নি। আমরা একসাথে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবো, আমরা কী করবো? এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এখনো অনেক সময় আছে।তিনি আরো বলেন, আমরা এতো বড় দল নই যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। দেশের সব জেলায় আমাদের কমিটি নেই। আমাদের দল ছোট। তাই উপজেলা নির্বাচন নিয়ে আমরা এখনো এতোটা গভীরভাবে চিন্তা করিনি। তবে এখনো সময় আছে, সময় ফুরিয়ে যায়নি। সূত্র: আমাদের সময়.কম




