253580

চা খেতে চান না ঐক্যফ্রন্টের নেতারা

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবনে ‘শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে’ জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানালেও সেই দাওয়াতে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার রাতে গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক জানান, গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে কেউ অংশ নেবেন না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই ফেব্রুয়ারি গণভবনে ঐক্যফ্রন্টকে চায়ের দাওয়াত দিয়েছেন। গণফোরামের গণমাধ্যম কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক এ তথ্য জানিয়ে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সকল সদস্যদের জন্য পৃথক চিঠি শনিবার বেলা ১১টায় গণফোরামের প্রধান কার্যালয় আরামবাগে পৌঁছে দেওয়া হয়।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা গণভবন থেকে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণ পেয়েছি। কিন্তু এতে যাওয়ার সুযোগ নেই। এটা আমার ব্যক্তিগত অভিমত। পরে জোট ও দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া কয়েকদিন আগেইতো পিঠা খেয়ে এলাম। আপাতত চা চক্রে যাওয়ার ইচ্ছে নেই।’এ বিষয়ে ফ্রন্টের নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি জানি না । এ সম্পর্কে আমার ধারণা নেই।’ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসনে জয় পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এ নির্বাচনে মাত্র আটটি আসনে জিততে পারে ঐক্যফ্রন্ট। নির্বাচনের শুরু থেকেই কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা।

নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচকতার স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সংলাপে বসার আহ্বান জানায় জাতিসংঘ। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ সংসদ নির্বাচন নিয়ে সংলাপের কথা বলেনি। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংলাপ হতেই পারে। আমাদের প্রয়োজন হলে পরে সেটা দেখা হবে। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত