আশরাফের আসনে মনোনয়ন পেলেন লিপি
জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। শনিবার সন্ধ্যায় দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান লিপি ও তার ছোট বোন রাফিয়া নূর রুপা। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। এরপরই লিপির মনোনয়ন পাওয়ার বিষয়টি চাউর হয়।
লিপি একজন চিকিৎসক। তিনি যুক্তরাজ্যে থাকতেন। সে দেশের ন্যাশনাল হেলথ সেন্টারে মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। যুক্তরাজ্যের পাসপোর্টও ছিল। তবে সেটি সারেন্ডার করেছেন এরই মধ্যে।সৈয়দা জাকিয়া নূর লিপি প্রথমে সিলেট এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাজ্যে যান। ছাত্রজীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফের মৃত্যুর কারণে এই আসনে আবার ভোট হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগেই ৩ জানুয়ারি রাত ১০টার দিকে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। কিশোরগঞ্জ-১ আসনে পুনর্নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৯৬ সাল থেকে কিশোরগঞ্জ-১ আসনে টানা পাঁচবার নৌকা প্রতীকে বিজয়ী হন। গত বছরের জুলাই মাসে ফুসফুসে ক্যানসারের কারণে তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।




