253313

স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেজাজ হারিয়ে বন্ধুকে খুন

ডেস্ক রিপোর্ট।। মদের আসরে জুয়া খেলার সময় বন্ধুর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় খুন হয়েছেন শুভজিৎ দাস (২৮) নামে এক ব্যক্তি। পাথর দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছে তাকে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের বেহালার চণ্ডীতলায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুভজিৎ ও রাকেশ সর্দার (২৯) দীর্ঘদিনের বন্ধু। দুজনেই গাড়ি চালক। সারাদিন গাড়ি চালানোর পর রাতে তারা একসঙ্গে বসে মদপান করেন। পরে অন্যান্য বন্ধুরা এলে শুরু হয় জুয়ার আসর। খেলা চলাকালীন কয়েকবার রাকেশের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করেন শুভজিৎ।

স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য সহ্য করতে পারছিলেন না রাকেশ। বারকয়েক মানা করেন শুভজিৎকে। কিন্তু মদের নেশায় বুঁদ হয়ে থাকা শুভজিৎ বন্ধুর কথা মানছিলেন না। বার বার কটুক্তি করেই যাচ্ছিলেন। সহ্য করতে না পেরে রাস্তায় পড়ে থাকা পাথর তুলে নিয়ে শুভজিতের মাথায় একের পর এক আঘাত করতে থাকেন রাকেশ। পরে রক্তাক্ত শুভজিৎকে হাসপাতালে নিয়ে যান বাকি বন্ধুরা। অবশ্য হাসপাতালে শুভজিৎকে রেখে তারা পালিয়ে যান। হাসপাতালে থাকা অবস্থায়ই মারা যান শুভজিৎ।

আজ শুক্রবার সকালের দিকে রাকেশকে আটক করে বেহালা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেন রাকেশ। বেহালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশুনীল আচার্য জানিয়েছেন, স্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য মেনে না নিতে পেরে শুভজিৎকে পাথর দিয়ে হত্যা করেন রাকেশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

ad

পাঠকের মতামত