253087

উপ-নির্বাচনে আশরাফের ছোটবোনও মনোনয়ন ফরম কিনলেন

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে তার মামাতো বোন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এর আগে উপ-নির্বাচনে আংশগ্রহণের জন্যে এ আসনে সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়াতুল ইসলামও মনোনয়ন সংগ্রহ করেন।

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে গত ৩০ ডিসেম্বর দেশের অন্যান্য আসনের সঙ্গেই ভোট হয়েছিল। তাতে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন।ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত আশরাফ গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান। দেশে ফিরে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সুযোগ তিনি আর পাননি।

নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল দিয়েছেন।তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।বুধবার (২৩ জানুয়ারি) থেকে ওই আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

ad

পাঠকের মতামত