কোপা আমেরিকা : আর্জেন্টিনা ডেথ গ্রুপে, সহজ গ্রুপে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক।। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকার ‘ড্র’। প্রকাশিত গ্রুপে দেখা যায় আর্জেন্টিনার অবস্থান ডেথ গ্রুপে অন্যদিকে স্বাগতিক ব্রাজিলের অবস্থান তুলনামূলকভাবে সহজ গ্রুপে। তিনটি গ্রুপে ভাগ হয়ে এবার কোপা আমেরিকায় লড়বে দলগুলো। গ্রুপ এ, বি ও সি’র প্রথম দল দক্ষিণ আমেরিকার তিন পরাশক্তি যথাক্রমে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে। ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে অন্য তিন দল বলিভিয়া, ভেনজুয়েলা ও পেরু। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে অন্য তিন দল কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। ‘সি’ গ্রুপে উরুগুয়ের সঙ্গে লড়বে ইকুয়েডর, জাপান ও চিলি।
তিনটি গ্রুপের মধ্যে ‘বি’ গ্রুপকেই ধরা হচ্ছে ডেথ গ্রুপ হিসেবে। আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারকে নিয়ে গড়া গ্রুপটির প্রথম তিন দলই অত্যন্ত শক্তিশালী। একমাত্র কাতার দুর্বল দল। কলম্বিয়া-প্যারাগুয়ে ছেড়ে কথা বলবে না আর্জেন্টিনাকে। তুলনামূলকভাবে আর্জেন্টিনা থেকে সহজ গ্রুপে অবস্থান করছে ব্রাজিল। এই গ্রুপের অন্য দলগুলো ব্রাজিলের শক্তির তুলনায় অনেক পিছিয়ে। অন্যদিকে উরুগুয়ের গ্রুপে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এ ছাড়া আছে ইউকুয়েডর ও জাপান। উরুগুয়েও মোটামুটি সহজ গ্রুপে অবস্থান করছে।
টুর্নামেন্টটি ব্রাজিলের মাটিতে হওয়ায় নেইমারদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। সেলেসাওরা শেষ চ্যাম্পিয়ন হয়েছে ১২ বছর আগে ২০০৭ সালে। আর্জেন্টিনা সর্বশেষ জিতে ১৯৯৩ সালে। যদিও সাম্প্রতিক সময়ে চার-চারবার ফাইনালে উঠে হারে আলবিসেলেস্তারা। কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল দল উরুগুয়ে। তারা রেকর্ড ১৫ বার ট্রফি ঘরে তুলে। ১৪ জুন ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্য দিয়ে পর্দা উঠবে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী টুর্নামেন্টটির। ৭ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমে যাবে কোপা আমেরিকার। লাতিন আমেরিকার হলেও এবারের টুর্নামেন্টে জাপান ও কাতারকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।




