পাবনায় আশ্রমে অঞ্জু ঘোষ!
বেশ লম্বা সময় পর আবারো চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত নায়িকা অঞ্জু ঘোষ। কিছু দিন আগে ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রের অভিনয়ের কথা শোনা গিয়েছিলো তার। এবার সেই ছবির জন্যই ঢাকায় এসেছেন তিনি।গেল ২২ জানুয়ারি ঢাকা এসেছেন অঞ্জু। একদিন বিশ্রাম নিয়ে সোজা পাবনা । ‘মধুর ক্যান্টিন’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার আগে পাবনার হেমায়েতপুর গ্রামের একটি আশ্রমে যাওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। সেখানে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে একটা দিন থেকে আগামীকাল ঢাকা ফিরবেন তিনি। আর ছবির শুটিং শুরুটা হবে ১ ফেব্রুয়ারি থেকে।
ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানি, মৌসুমী, মহসীন পলাশ ও সোহানা সাবা প্রমুখ।‘মধুর ক্যান্টিন’ সিনেমাটি নির্মাণ করছেন প্রবীণ নির্মাতা সাঈদুর রহমান সাঈদ। সিনেমায় মধু দা’র স্ত্রী যোগমায়া চরিত্রে অভিনয় করবেন অঞ্জু ঘোষ। মধু দা’র চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি।উল্লেখ্য, ১৯৯৬ সালে অর্থাৎ দীর্ঘ ২২ বছর আগে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।




