দুনিয়াতে কেউ ‘ফাইনাল’ না : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেছেন, পৃথিবীতে কেউ ফাইনাল না। আমার আগে যিনি আসছেন তিনিও না, পরে যে আসবেন তিনিও না। কিন্তু মানুষের জন্য কাজ করে যাওয়াটা ফাইনাল।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব বলেছেন শামীম ওসমান।তিনি বলেছেন, আমরা যদি আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে আমার নিজের মৃত্যুতেও শান্তি থাকবে। মানুষ ভালো কাজ করলে মৃত্যুর পরেও তাকে মানুষ মনে রাখে।
তিনি আরও বলেছেন, নারায়ণগঞ্জবাসী প্রত্যাশা করে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের স্কুল, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন।শামীম ওসমান বলেছেন, এসবের জন্য যদি নারায়ণগঞ্জের সব শক্তি এক থাকেন তাহলে আমরা এই দাবিগুলো নারায়ণগঞ্জের মানুষের জন্য পূরণ করতে পারব। আমার বিরোধিতা করলেও সমস্যা নাই। কিন্তু সবাইকে ভালোর জন্য কাজ করতে হবে।বার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, আইনজীবীদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। তারা জানেন, তাদের কী করতে হবে। আমিও আইনজীবী কিন্তু আমি এখানে ভোটার না। আমি ভোটার হলে চিন্তা করতাম, বারের সমস্যা, আইনজীবীদের যে সমস্যা সেই সমাধান করত কে?
শামীম ওসমান আরো বলেছেন, সে সমস্যা সমাধানের জন্য যারা কাজ করবেন তাকেই আমি ভোট দিতাম। সে অনুযায়ী আমাদের জুয়েল-মোহসিন প্যানেলের সবাইকে ভোট দিতাম। কেন না তাদের ভোটটা দিলে এই কাজগুলো করতে সুবিধা হতো। তবে আমি মনে করি নারায়ণগঞ্জ বারের দায়িত্ব এটুকু না। সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা বারের দায়িত্ব ।তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের বাইরে সাংবাদিক ও আইনজীবী এই দুইটা শক্তি ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। এরা রাজনীতিবিদদের থেকেও বেশি ভূমিকা রাখতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস প্রমুখ।




