‘সাব্বিরকে দলে নেওয়া হয়েছে মাশরাফির জোরালো দাবির কারণেই’
নিউজ ডেস্ক।। ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক মাস আগেই সাব্বিরকসহ ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, সাব্বিরের শাস্তি এক মাস কমিয়ে দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। তাই তাকে দলে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জোরালো দাবির কারণেই সাব্বির রহমানকে দলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রধান নির্বাচক বলেন, ‘আমি পরিষ্কার করে দেই এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালোভাবে দাবি জানিয়েছে তাকে (সাব্বিরকে) স্কোয়াডে নেওয়ার জন্য।’ আজ বুধবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এসব কথা বলেন। বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘ও (মাশরাফি)এমন একটা খেলোয়াড় চাচ্ছে যে ৭/৮ নাম্বারে ব্যাটিং করতে পারবে, ৬/৭ নম্বরে ফাস্ট বোলারদের মোকাবেলা করতে পারবে। ইংল্যান্ডের কন্ডিশন কিন্তু ডিফারেন্ট। বিশ্বকাপের প্ল্যান করে নিউজিল্যান্ড প্ল্যান করেই ওকে দলে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন যথেষ্ট কনফিডেন্ট আছে ওর ব্যাপারে, আমি হোপফুল যে ও ফিরবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে শেষ ম্যাচে সাব্বির রংপুরের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। এ ম্যাচে দেখা গিয়েছিল আসল সাব্বিরকে। ৫১ বলে ৮৫ রান করেছেন, অল্পের জন্য পাননি সেঞ্চুরি। এছাড়া বাকি ম্যাচগুলোয় সাব্বির যথাক্রমে ১১, ২০, ৬, ১২ ও ৭ রান করেন। নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবার সন্ধ্যায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। বিসিবির প্রধান নির্বাচক দল ঘোষণা করেন।
বিপিএল ফাইনালের পাঁচ দিনের মাথায় মাশরাফিরা ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন প্রথম ওয়ানডে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে। ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি খেলবে তিনটি একদিনের ম্যাচ। তিনটি টেস্ট হবে ২৮ ফেব্রুয়ারি, ৮ ও ১৬ মার্চ। ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন , মাহমুদুলাহ রিয়াদ , মেহেদি মিরাজ, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।




