252343

মৃত্যুর ভুয়া খবরে ক্ষোভ প্রকাশ হিরো আলমের

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মডেল-অভিনেতা হিরো আলমের মৃত্যুর খবর।রাতে ‘হিরো আলমের অকাল মৃত্যু’ শিরোনামে ইউটিউবেও বেশ কয়েকটি ভিডিও আপলোড দেয়া হয়। তবে খোঁজ নিয়ে জানা যায়, হিরো আলমের মৃত্যুর খবরটি সম্পূর্ণ বানোয়াট, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন।এদিকে নিজের কানে নিজের মৃত্যুর গুজব শুনে বেশ চটেছেন হিরো আলম। এ নিয়েও বিস্তর লিখেছেন ফেসবুকেও। এছাড়া নিজেই বুধবার দুপুরে একটি অনলাইন নিউজকে ফোন দিয়ে জানিয়েছেন ‘খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। কোন একটি মহল গুজবটি ছড়িয়েছে।’

হিরো আলম বলেন, ভুয়া খবরটি ছড়িয়ে পড়ায় ভক্তরা দেশ-বিদেশ থেকে কল দিচ্ছে, ফেসবুকে ম্যাসেজ দিচ্ছে, অনেকে আবার কান্নাকাটিও করছে।‘আমিও তো একজন মানুষ, যে যেকোন মুহূর্তে অসুস্থ হতেই পারি, তাই বলে জীবিত মানুষকে ইন্তেকাল দেখিয়ে মিথ্যা গুজব কেন?’ প্রশ্ন রাখেন এই অভিনেতা।ঘটনার বিবরণ দিয়ে ডিশ ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলম বলেন, সোমবার (২১ জানুয়ারী) সন্ধ্যার দিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশত নেতৃবৃন্দসহ সংসদ ভবনের পাশেই নব থিয়েটারে ঘুরতে যাই। সেখানে প্রবেশের আগেই ছবি তুলতে আমার শতশত ভক্ত ছুটে আসে। এসময় হঠাৎ আমি অচেতন হয়ে পড়লে উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় প্রথমে আমাকে আল রাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসকরা যথাযথ ব্যবস্থা নেয়ায় আল্লাহর অশেষ কৃপায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠি। এবং পরদিন সকালেই বাসায় ফিরে যাই। বর্তমানে আমি ভালো এবং সুস্থ আছি।”তবে আমার সম্পর্কে কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে, যা একেবারেই বোধগম্য নয়। মানুষের মৃত্যু নিয়ে মিথ্যা বানোয়াট কথাবার্তা খুবই দুঃখজনক, যোগ করেন হিরো আলম।

ad

পাঠকের মতামত