ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রীর প্রাণহানি
লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার সদর উপজেলার মান্দারীর রতনপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছে বলে জানা গেছে।বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী একই পরিবারের শাহ আলম, নাছিমা আক্তার, রোকেয়া বেগম, শামছুন নাহার, রুবেল, আমিত ও আটোরিকশা চালক নুরু। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদুহিতা গ্রামের বাসিন্দা।চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।
স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে তারা চন্দ্রগঞ্জ থেকে পারিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিল। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় মালবাহী ট্রাক ও যাত্রীসহ অটোরিকশাটি সড়কের পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থল প্রাণ হারান ৭জন।




