252398

মুশফিকের ব্যাটে চিটাগংয়ের হ্যাটট্রিক জয়

রাজশাহী কিংসকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং ভাইকিংস। একই সুযোগ ছিল টানা দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা রাজশাহী কিংসের জন্যও। কিন্তু অধিনায়ক মুশফিকুর রহিম আর মোসাদ্দেক হোসেনের চমৎকার ব্যাটিংয়ে হেসেখেলে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে চিটাগং ভাইকিংস। ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন মুশফিক। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৮৮ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে ক্যামেরন ডেলপোর্টকে ৯৩) হারায় চিটাগং ভাইকিংস। আরাফাত সানির শিকার হন ৭৩ বলে ৩ রান করা ইয়াসির আলী। এরপর অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়েন অপর ওপেনার মোহাম্মদ শাহজাদ। ১৭ বলে ২৫ রান করা এই আফগান তারকা আরাফাত সানির দ্বিতীয় শিকারে পরিণত হন। জাতীয় দলের বাইরে থাকা সানির তৃতীয় শিকার আরেক আফগান নজিবুল্লাহ জার্দান (২৩)।

ম্যাচের এই পর্যায়ে মোসাদ্দেক হোসেনকে নিয়ে শক্ত হাতে হাল ধরেন মুশফিক। দুজনের জুটি ছাড়িয়ে যায় পঞ্চাশ। শেষ পর্যন্ত ৮৮ রানের অবিচ্ছিন্ন এই জুটিতেই ৬ উইকেট এবং ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটগং ভাইকিংস। ৪৬ বলে ৬ চার ২ ছক্কায় অপরাজিত ৬৪* রানের ইনিংস খেলেন মুশফিক। মোসাদ্দেক অপরাজিত থাকেন ২৬ বলে ৪ চার এবং ২ ছক্কায় গড়া ৪৩* রানে।

এর আগে আজ বুধবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী কিংসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৫৭ রান। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়েছিল কিংসরা। দলীয় ৫ রানে ফ্র্যাইলিংকের বলে ক্যাচ দেন সৌম্য সরকার (৩)। স্কোরবোর্ডে ৩ রান যোগ হতে না হতেই খালেদ আহমেদের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান মার্শাল আইয়ুব (১)। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার লরি ইভান্স আর টেন ডয়েশ্চটের অর্ধশতাধিক রানের জুটিতে বিপদ কাটে। ২০ বলে ২৮ রান করা ডয়েশ্চটকে ইয়াসির আলীর তালুবন্দি করেন আবু জায়েদ রাহী।

উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসন ৭ বলে ৫ রান করে সানজামুলের শিকার হন। আজ আর তিন অংকে যেতে পারেননি ইভান্স। তার ৫৬ বলে ৮ চার ২ ছক্কায় গড়া ৭৪ রানের ঝকঝকে ইনিংসটি থামে খালেদ আহমেদের বলে মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে। শেষদিকে ক্রিস্টিয়ান জংকার (২০ বলে ৩৬) এবং মেহেদী হাসানের (৪ বলে ১০) ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান তোলে রাজশাহী কিংস। খালেদ আহমেদ নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ফ্র্যাইলিংক, সানজামুল এবং আবু জায়েদ।

চলতি আসরে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মুশফিকুর রহিমের দল চিটাগং ভাইকিংস। অন্যদিকে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স এবং সিলেট সিক্সার্স।

ad

পাঠকের মতামত