সেই তারা মিয়ার জামিন
ডান হাতটি অস্বাভাবিক চিকন, নাড়াতেই কষ্ট হয়। কিছু ধরতে বা কাজ করতে পারেন না ডান হাত দিয়ে। এমনকি ডান হাতে খেতেও পারেন না। এটি তার জন্মগত সমস্যা। বাম হাত তুলনামূলকভাবে লম্বা এবং বাঁকানো। খুব কষ্ট করে বাম হাত দিয়ে খেতে হয়। ছবির এই মানুষটির ডান হাত অচল, বাম হাতও প্রায় অচল। তিনি সুনামগঞ্জের অধিবাসী, নাম তারা মিয়া।তারা মিয়া চাপাতি, হকিস্টিক ও লোহার রড় হাতে নিয়ে আক্রমণ করেছেন পুলিশের ওপর। ভিক্ষা করে জীবনযাপন করা তারা মিয়ার বিরুদ্ধে পুলিশ এমন অভিযোগ এনে মামলা করেছে। এই মামলায় বুধবার হাইকোর্ট থেকে জামিন পেলেন পঙ্গু তারা মিয়া। তাকে ছয় মাসের আগাম জামিন দিয়েছেন আদালত। বিচারপতি মো. রইস উদ্দিন এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করে।
তবে, জামিনের সময় শেষ হয়ে গেলে তারা মিয়াকে সুনামগঞ্জের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।তারা মিয়ার আইনজীবী মো. আবিদুল হক আদালতকে সংবাদটি দেখিয়ে বলেন যে, তার শারীরিক প্রতিবন্ধী মক্কেল কোনোভাবেই পুলিশের ওপর আক্রমণ করতে পারেন না। তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।হাইকোর্ট এই যুক্তি গ্রহণ করে তারা মিয়াকে জামিন দিয়েছেন।আদালতের রায়ে খুশি হয়েছেন জানিয়ে তারা মিয়া বলেন, আমাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দিতে আদালতের কাছে আবেদন জানিয়েছি।
অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে বিকাল ৪টার পর মল্লিকপুর বাজারে এই আক্রমণের ঘটনা ঘটে। ৫২ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। তারা মিয়া সেই ৫২ জনের একজন।ঘটনার দুদিন পর জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় তারা মিয়াকে অভিযুক্ত করা হয়। উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন নিতে এসে তারা মিয়া সাংবাদিকদের বলেন, আমার হাতের যখন এই অবস্থা তখন আমি কীভাবে পুলিশকে আক্রমণ করতে পারি? একদিকে ডান হাত ব্যবহার করতে পারি না, অন্যদিকে, বাম হাতটাও তেমন কাজ করে না।
৪৫ বছর বয়সী এই ব্যক্তি আরো বলেন, আমি রাজনীতি করি না। আমি ভিক্ষা করে জীবন চালাই।… আমার পরিবারের অবস্থা নিয়ে দুশ্চিন্তায় আছি।জামালগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মামলাটিতে অভিযুক্ত হিসেবে ৫২ জনের নাম রয়েছে। অজ্ঞাত রয়েছেন আরও ৭০ থেকে ৮০ জন।মামলার বিবরণীতে রয়েছে, সেদিন (২৮ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে অভিযুক্তরা অবৈধভাবে মল্লিকপুর বাজার এলাকায় জড়ো হয়ে ‘ধানের শীষের’ পক্ষে মিছিল বের করে। তারা রাস্তা আটকায় এবং পুলিশের ওপর আক্রমণ করে। এতে অভিযোগকারীসহ ৫জন পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে তারা মিয়া জানান, আমি কখনো কোনো মিছিলে অংশ নেই নাই। আর পুলিশকে আক্রমণ করা তো দূরের কথা।মঙ্গলবার তাকে দেখা যায়, উদ্বেগের সাথে আদালত চত্বরে এদিক-ওদিক হাঁটাহাঁটি করতে। পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।




