সীমান্তে আটকে থাকা ৩১ রোহিঙ্গাকে ‘নিয়ে গেছে’ বিএসএফ
তিন দিন ধরে আটকে থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখা থেকে ৩১ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখা থেকে গাড়িতে করে ওই রোহিঙ্গাদের নিয়ে যায় বিএসএফ সদস্যরা।কাজিয়াতলী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুর রহমান আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।তবে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ওই রোহিঙ্গাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।
গত তিন দিন ধরে খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে অবস্থানরত ওই রোহিঙ্গাদের নিয়ে গত রোববার ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ দুদফা বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে রোববার রাত ৮টার দিকে রোহিঙ্গাদের ভারতের পক্ষ থেকে দুটি তাবু টানিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভারতের পক্ষ থেকে তাদের খাবার সরবরাহ করা হয় বলে স্থানীয় অধিবাসী ও কাজিয়াতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা জানান।গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর জানান, এসব রোহিঙ্গারা ভারতের বিভিন্ন রাজ্যে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে অবস্থান করতো। সীমান্ত দিয়ে বিএসএফের সহযোগিতায় কাঁটাতারের গেইট দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে গত তিন দিন ধরে সেখানে অবস্থান নেয় তারা।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী সীমান্তের ২০২৯ নং পিলারের কাছ দিয়ে ১৭ জন শিশুসহ ৩১ রোহিঙ্গা কে পুশব্যাক করার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির নজরে আসলে তাদের বাধা দিলে ভারতীয় ভূখণ্ডেই আশ্রয় নেয় রোহিঙ্গারা।




