‘ওপারে ভালো থাকবেন’
দেশীয় সংগীতের কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রয়াত হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় না ফেরার দেশে পাড়ি জমান এই বরেণ্য সংগীতজ্ঞ। তার বয়স হয়েছিলো ৬৩ বছর।আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেশের পুরো শোবিজ অঙ্গন। সাধারণ মানুষের পাশাপাশি গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের তারকারাও।
বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আহমেদ ইমতিয়াজ বুলবুলের একটি ছবি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার চলে যাওয়ায় বাংলা সংগীতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গুণী এই মানুষটির মৃত্যুতে জানাই গভীর শোক। ওপারে ভালো থাকবেন অসংখ্য কালজয়ী গানের রূপকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
প্রসঙ্গত, বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বুলবুলকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হবে। একইসাথে তার জানাজাও অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।




