252104

মায়ের হাতে বাবা খুন, জানেনা সন্তানরা

মীরসরাইয়ের পারিবারিক কলহের জের ধরে স্বামীকে জবাই করে হত্যা করেছে প্রথম স্ত্রী।সোমবার রাত ১টার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জোরারগঞ্জ থানা পুলিশ।এসময় ঘটনার সাথে জড়িত ঘাতক প্রথম স্ত্রী লাকী মজুমদারকে (৩০) আটক করেছে পুলিশ। নিহত সনাতন মজুমদার প্রকাশ সনক (৪৫) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের অনু মেকার বাড়ির ভবরঞ্জনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবত বসতঘর মেরামত নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এর মধ্যে উভয়ে কয়েকদফা ঝগড়া লিপ্ত হয়েছিল। ঘটনার রাত ১টার দিকে পারিবারিক কলহের জের ধরে বাড়ীর উঠানে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে প্রথম স্ত্রী। এতে করে তার মাথা ও মুখ ফেটে রক্ত বের হয়। এসময় দ্বিতীয় স্ত্রী প্রিয়াংকা বাধা দিলেও প্রথম স্ত্রী স্বামীকে উঠান থেকে টেনে হিঁচড়ে ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। এক পর্যায়ে ঘরে থাকা কাঠমিস্ত্রীদের রেখে যাওয়া করাত দিয়ে স্বামীকে জবাই করে হত্যা করে বস্তা বন্দি করে।

এদিকে ২য় স্ত্রী ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ ঐরাতেই স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।প্রথম স্ত্রীর ঘরে শান্তা ও অপূর্ব নামে দুটি সন্তান রয়েছে। তবে তারা জানেনা, তাদের মায়ের হাতে খুন হয়েছে বাবা। সনকের দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান নেই।সূত্রে আরো জানা যায়, গত কয়েক বছর পূর্বে ১ম স্ত্রী পরকীয়ায় জড়িয়ে অন্যের হাতধরে পালিয়ে যায়। এরপর সনক ২য় বিয়ে করেন। এর ১ বছর পরে ১ম স্ত্রী ফের তার কাছে ফিরে আসে। এটা নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা দেন দরবার শেষে দুই স্ত্রীকে নিয়ে সনেক ঘর সংসার করে আসছেন।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক আবেদ আলী জানান, লাশ উদ্ধার করে সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য চমেক এ পাঠানো হয়েছে। খুনের ঘটনার সাথে সম্পৃক্ত প্রথম স্ত্রী লাকী মজুমদারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad

পাঠকের মতামত