252253

নারী দিয়ে ইয়াবা বিক্রি, ২ পুলিশ সদস্য ক্লোজড

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত দুই পুলিশ সদস্যের বাসা থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ নূপুর আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১০।এ ঘটনায় জড়িত দুই পুলিশ কনস্টেবল আরিফ (২৮) ও মামুনকে (২৭) ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার শফিকুল ইসলাম।র‌্যাব ১০ সিপিএসসিএর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আলী রেজা রাব্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গজারিয়া উপজেলা ভবেরচর কলেজ রোড এলাকার হারুন অর রশিদের বাড়ির পাঁচতলায় অভিযান চালান তারা।

এ সময় একটি ফ্লাট থেকে পাঁচ হাজার ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৮০ হাজার ৮০০ টাকাসহ নূপুর আক্তার নামে এক নারীকে আটক করেন তারা।তিনি আরও জানান, উল্লেখিত ফ্লাটটি গজারিয়া ভবেরচর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল আরিফ ও মামুন(২৭) ব্যবহার করতেন।বাড়িটির মালিক হারুন অর রশিদ জানান, তারা প্রায় এক বছর আগে তার কাছ থেকে ফ্লাটটি ভাড়া নেন। বাড়িভাড়া নেয়ার সময় কনস্টেবল আরিফ নূপুরকে তার স্ত্রী বলে পরিচয় দেয়।স্থানীয়রা জানান, পুলিশে চাকরির আড়ালে আরিফ এবং মামুন ইয়াবা বিক্রি করতেন। স্থানীয় মাদকসেবীরা তাদের নিয়মিত খদ্দের ছিল।

তারা আরও জানান, নূপুর আসলে আরিফের স্ত্রী নয় পতিতা। বাসায় পতিতা দিয়ে ব্যবসা করাতেন তারা। পুলিশের ভয়ে তারা কিছু বলতে পারতেন না।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুই কনস্টেবলের প্রাথমিক সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাদের ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনায় র‌্যাব-১০ এর পরিদর্শক মো. নিজামউদ্দিন শেখ বাদী হয়ে সোমরাত ১টার দিকে গজারিয়া থানায় একটি মামলা করেছেন।

এদিকে ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবীবুর রহমান জানান, উল্লিখিত দুই পুলিশ সমস্যকে ক্লোজড করা হয়েছে। ফাঁড়ির বাকি পুলিশ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ad

পাঠকের মতামত