শেষ ওভারের তিন ছক্কায় চিটাগংয়ের জয়
আগেই ধারণা করা হয়েছিল, ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংসের এই ম্যাচটি টান টান উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত হলোও তাই। শেষ ওভারের চরম উত্তেজনার শেষে জয় হলো চিটগং ভাইকিংসের। সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপূণ্যও জয় বঞ্চিত করতে পারেনি মুশফিকুর রহিমের দলকে। ৬ বলে ১৬ রান- এই সমীকরণে দাঁড়িয়ে শেষ ওভারে তিন ছক্কা মেরে চিটাগংকে ৩ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন রবি ফ্রাইলিংক। বল হাতেও এই প্রোটিয়া অল-রাউন্ডার নিয়েছেন ৩ উইকেট। তার কাছে ব্যর্থই হয়ে গেল সাকিবের অল-রাউন্ড নৈপূণ্য।
রান চেজ করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে আন্দ্রে রাসেলের বলে শুভাগত হোমের দারুণ ক্যাচে পরিণত হন মোহাম্মদ শেহজাদ (০)। প্রতিরোধের চেষ্টায় নামেন অপর ওপেনার ক্যামেরন ডেলপোর্ট (৩০) এবং ইয়াসির আলী (১৫)। কিন্তু সাকিব আছেন না? দুজনকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। বিশ্বসেরা অল-রাউন্ডারের তৃতীয় শিকারে পরিণত হন লঙ্কান তারকা দাসুন শানাকা (২)। চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম আজ ম্যাচ উইনার হতে পারেননি। ২৩ বলে ২২ করে শিকার হয়েছেন রুবেলের।
একবার রিভিউ নিয়ে বেঁচে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত নাঈম হাসানকে নিয়ে দলের হাল ধরেন। শুরু হয় উত্তেজনাকর লড়াই। কখনও রানের চেয়ে বল কমে যাচ্ছে, আবার কখনো বলের চেয়ে কমে যাচ্ছিল টার্গেট। ১৭তম ওভারে এসে বোল্ড করে দেন নাঈম হাসানকে (৪)। শুধু তাই নয়; বিশ্বসেরা অল-রাউন্ডারের ওই ওভারটি ছিল মেডেন! ৪ ওভারে মাত্র ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব।স্বাভাবিকভাবেই প্রচণ্ড চাপে পড়ে যায় চিটাগং। শেষ ওভারে দরকা ছিল ১৬ রানের। কঠিন অবস্থায় মোহর শেখের করা ওই ওভারে ৩ ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন প্রোটিয়া অল-রাউন্ডার রবি ফ্র্যাইলিংক (১০ বলে ২৫*)। ৩ উইকেটে জিতে যায় চিটাগং ভাইকিংস।
এর আগে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান তোলে ঢাকা ডায়নামাইটস। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই রবি ফ্রাইলিংকের বলে বোল্ড হয়ে যান রনি তালুকদার (০)। ৯ বলে ১৮ করা সুনিল নারাইনের ইনিংসেরও পরিণতি ঘটে ফ্রাইলিংকের বল বোল্ড হয়ে। তিন নম্বরে নামা প্রোটিয়া ব্যাটসম্যান হেইনো কুন (২১ বলে ১৮) আবু জায়েদের শিকার হন। হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ৩৪ বলে ২ চার ১ ছক্কায় ৩৪ রানের ইনিংসটি শেষ হয় ডেলপোর্টের বলে ইয়াসিরের তালুবন্দি হয়ে।
উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান করেন ১৮ বলে ২৭ রান। ডাওরিচ রাসুলি (০), আন্দ্রে রাসেল (১) কিছুই করতে পারেননি। মোহাম্মদ নাঈম ৬ রান করে ডেলপোর্টের বলে বোল্ড হয়ে যান। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন এই প্রোটিয়া পেসার। রান-আউট হওয়ার আগে ১৫ বলে ২৯ রানের ক্যামিও খেলে দলকে সম্মানজনক স্কোর এনে দেন শুভাগত হোম। ঢাকার টপ অর্ডার গুটিয়ে দেওয়া রবি ফ্রাইলিংক নেন ১৯ রানে ২ উইকেট। আবু জায়েদও ২ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৮ রানে হারিয়ে দিয়েছে মেহেদী মিরাজের দল রাজশাহী কিংস। এই ম্যাচেই চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর ইংলিশ তারকা লরি ইভান্স। ৬২ বলে অপরাজিত ১০৪* রানের ইনিংস খেলেছেন তিনি।




